পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; এর জন্য আগে থেকেই জনসচেতনতা সৃষ্টি করতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

তিনি আরও বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে ড. শফিকুল ইসলাম মাসুদ হাতে গ্লাভস পরে ড্রেনে ওষুধ ছিটানোর পাশাপাশি বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজে অংশ নেন। এ সময় তিনি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুরজাহান, ডা. তাসরিফ, ডা. জান্নাতুন নেয়ামা, হেড ক্লার্ক মো. রিয়াজ, ফার্মাসিস্ট মো. জহিরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
