পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীর বাজারে গত ২ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ১১২ পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ও বাউফল উপজেলা প্রশাসন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়জন ব্যবসায়ীর প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা ও ৫০ কেজি করে চাল প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) আয়োজিত এ সহায়তা কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
এর আগে, গত ৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে। এ সময় পাঁচজন ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা শোনার পরই আমি এবং আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বিকভাবে খোঁজখবর নিয়েছি। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকেও সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সবসময় আপনাদের খাদিম হিসেবে আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “বিপদ-আপদ, বালা-মুসিবত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এ সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব বালা-মুসিবত থেকে কাটিয়ে ওঠার তাওফিক দান করুন।”
অনুষ্ঠানে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
